সিলেটটুডে ডেস্ক

২৩ জুন, ২০১৬ ১৭:৫৩

এবার প্রশস্ত হচ্ছে মীরের ময়দান-কেওয়াপাড়া সড়ক

রিকাবীবাজার থেকে মীরের ময়দান পয়েন্ট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের পর এবার মীরের ময়দান পয়েন্ট থেকে কেওয়াপাড়া অভিমুখী রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজ বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ হেড কোয়ার্টার কর্তৃপক্ষ তাদের প্রায় ১৬ শতক জায়গা রাস্তা সম্প্রসারণের জন্য সিটি কর্পোরেশনকে প্রদান করেছে।


পুলিশ হেড কোয়ার্টার ছাড়াও রাস্তার দুই পাশের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষও রাস্তা প্রশস্ত করার স্বার্থে এগিয়ে আসায় অচিরেই এই রাস্তা সম্প্রসারণ কাজ শুরু করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন।

রাস্তা সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ইতোমধ্যে ডিভাইডার নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মীরের ময়দান পয়েন্ট থেকে কেওয়াপাড়া পর্যন্ত সম্প্রসারিত অংশের ড্রেনের কাজও চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রায় এক কোটি টাকা ব্যয়ে আগামী দুই মাসের মধ্যেই ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা।

বর্তমানে মীরের ময়দান পয়েন্ট থেকে কেওয়াপাড়া (ব্লু বার্ড স্কুল অভিমুখী) রাস্তাটি গড়ে ৩৫ ফুট প্রশস্ত। পুলিশ হেড কোয়ার্টার কর্তৃপক্ষ জায়গা দেওয়ার কারণে বাম দিকে (উত্তরপাশে) প্রায় ৮ ফুটেরও বেশি রাস্তা সম্প্রসারণ করা হবে। বাম দিকের মতোই একইভাবে সামঞ্জস্য রেখে ডানদিকের (দক্ষিণ পাশ) রাস্তাও সম্প্রসারণ হবে। সবমিলিয়ে এই রাস্তাটি সম্প্রসারণের পর গড়ে ৫০ ফুট প্রশস্ত হবে বলে জানিয়েছে প্রকৌশল শাখা।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, ‘এই রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা ছিল তা কেটে গেছে।’

এজন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এনামুল হাবীব বলেন,‘মাননীয় অর্থমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার কারণে পুলিশ লাইন অংশ সম্প্রসারণ কাজ সম্ভবপর হচ্ছে। প্রথম ধাপে আমরা রিকাবীবাজার পয়েন্ট থেকে মীরের ময়দান পয়েন্ট পর্যন্ত রাস্তা সম্প্রসারণ করেছি। দ্বিতীয় ধাপে মীরের ময়দান পয়েন্ট থেকে বাংলাদেশ বেতার সংলগ্ন কালভার্ট পর্যন্ত রাস্তাটি সম্প্রসারণ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’

এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত নুর আজিজুর রহমান জানান, ‘মীরেরময়দান পয়েন্ট থেকে কেওয়াপাড়া অভিমুখী সড়কে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে ডিভাইডার নির্মাণ করা হবে। এজন্য টেন্ডারও সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই কাজ শুরু হবে।’

সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী জানান, রিকাবীবাজার থেকে মীরেরবাজার পয়েন্ট পর্যন্ত রাস্তাটি যেভাবে সম্প্রসারিত হয়েছে ঠিক একইভাবে দৃষ্টিনন্দনও হয়েছে। একইভাবে মীরের ময়দান পয়েন্ট থেকে কেওয়াপাড়া অভিমুখী রাস্তাটিও দৃষ্টিনন্দন ও প্রশস্ত করার জন্য আমরা দুই পাশের ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা অব্যাহত রেখেছি।’

যানজট নিরসনের স্বার্থে এই সড়ক প্রশস্তকরণে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন এজন্য সৈয়দ তৌফিকুল হাদী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত