জগন্নাথপুর প্রতিনিধি

২৪ জুন, ২০১৬ ০০:০০

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

জগন্নাথপুরে নির্বাচনী সহিংসতা নিয়ে প্রতিপক্ষের হামলায় নারী, বৃদ্ধসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সামাট মোল্লা বাড়ি গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২৮ মে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে মতিন মিয়া নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মতিন মিয়ার পক্ষে কাজ করেন সামাট মোল্লা বাড়ি গ্রামের বদরুল হক কাচা মিয়ার লোকজন। নির্বাচনে আরেক প্রার্থী হিরা মিয়া পরাজিত হন। তাঁর পক্ষে কাজ করেন একই গ্রামের ময়না মিয়ার লোকজন।

নির্বাচন শেষ হয়ে গেলেও তাদের মধ্যে নির্বাচনী শত্রুতা রয়ে গেছে। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষ ময়না মিয়ার লোকজনের হামলায় গ্রামের বয়োবৃদ্ধ বদরুল হক কাচা মিয়া (৮০), আজিম উদ্দিন (৬৫) ও জয়তেরা বিবি (৫৫) আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ-খবর নেয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত