নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০১৬ ০১:৫২

ট্রেনে মলম পার্টির খপ্পরে পড়ে আহত ব্যক্তির মৃত্যু

চলন্ত ট্রেনে মলম পার্টির খপ্পরে পড়ে ছিনতাইয়ের শিকার হওয়া এক ব্যক্তি  ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হন। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নিহতের নাম আরশাদ আলী (৪৫), তিনি সিলেটের বিয়ানীবাজারের নয়গ্রামের শরাফত আলীর পুত্র।

নিহতের আত্মীয় কবির হুমায়ুন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার(২৬ জুন)  ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে করে সিলেট আসছিলেন বিয়ানীবাজারের নয়াগ্রামের বাসিন্দা আরশাদ আলী। ট্রেনটি সিলেটের কাছাকাছি আসার সময় বাথরুমের কাছে ছিনতাইকারীরা মুখে রুমাল ধরে আরশাদ আলীর টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসময় দরজার কাছে থাকা আরশাদ ভারসাম্য রাখতে না পেরে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। ওই এলাকা দিয়ে যাওয়া স্থানীয় এক কৃষক তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে আহত আরশাদের কাছ থেকে নাম্বার নিয়ে তাঁর শ্যালক মুক্তাকে খবর দেয়া হয়।

সোমবার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার দেলওয়ার হোসেন জানান, গত ২৬ তারিখ মাথায় আঘাত জনিত অবস্থায় আরশাদকে ভর্তি করা হয়েছিল সোমবার তিনি মারা গেছেন। বর্তমানে তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের শ্যালক মুক্তা জানান, "ময়নাতদন্ত ছাড়া তারা লাশ গ্রহণের চেষ্টা করছেন"।

আপনার মন্তব্য

আলোচিত