কুলাউড়া প্রতিনিধি

২৪ আগস্ট, ২০১৬ ২২:৫৩

অবৈধ সড়কবাতি অপসারণে গিয়ে রোষানলে পিডিবি’র কর্মকর্তারা!

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ সড়কবাতি অপসারণ করতে গিয়ে অবৈধ বাতি স্থাপনকারীদের রোষানলে পড়েছেন বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে তাদের রোষানল থেকে বাঁচতে বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তারা বাতিগুলো রেখেই সেখান থেকে সটকে পড়েন। উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে মঙ্গলবার ২৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে এঘটনাটি ঘটে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দিতে মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিনের গ্রামের বাড়ির রাস্তায় পিডিবির ৩৩ কেভির বিদুৎলাইন থেকে অবৈধভাবে বেশ কয়েকটি সড়কবাতি স্থাপন করা হয়। এই অবৈধ বাতিগুলো এমপির ভাতিজা আব্দুল হাদি স্থাপন করেন। বিষয়টি জানাজানি হলে কুলাউড়া পিডিবি’র সহকারী নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামানসহ পিডিবির কর্মকর্তা ও কর্মচারীরা মঙ্গলবার  বিকেল ৫টার দিকে সেগুলো অপসারণ করতে ওই এলাকায় যান। কয়েকটি অবৈধ সড়কবাতি অপসারণ করার পর আব্দুল হাদি তাঁর লোকজন পিডিবির কর্মকর্তা ও তাদের গাড়ি ঘিরে রাখে এবং বিদ্যুৎ বোর্ডের লোকজনদের কাছ থেকে বাতিগুলো ছিনিয়ে নেয়। তাদের রোষানল থেকে বাঁচতে বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তারা বাতিগুলো রেখেই সেখান থেকে সটকে পড়েন।

সহকারী নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান জানান, কয়েকটি অবৈধ সড়কবাতি অপসারণ করার পর আব্দুল হাদি প্রায় ৫০-৬০ জন লোক নিয়ে আমাদেরকে ঘিরে ফেলে এবং সেগুলো ছিনিয়ে নেয়। পরে আমি আমার সাথে থাকা লোকদের নিরাপত্তার জন্য সেখান থেকে চলে আসি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত