বানিয়াচং প্রতিনিধি

২৭ আগস্ট, ২০১৬ ১৪:২৩

বানিয়াচংয়ে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী আমির হোসেনের বিরুদ্ধে ভূয়া মাষ্টার রোলে টিআর বরাদ্দের সাড়ে ২১ হাজার টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসী আজকালের মধ্যে বৈঠকে বসবেন বলে জানা গেছে।

এদিকে, গত ২১ আগস্ট বরাদ্দকৃত টাকা ফেরত চেয়ে বিএনপির নেতা আমির হোসেনকে চিঠি প্রদান করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সুত্রে জানা গেছে, ২০১৫-২০১৬ অর্থ বছরের টিআর(টেস্ট রিলিফ) সাধারণ ২য় পর্যায়ের আওতায় দৌলতপুর কেন্দ্রীয় মসজিদের রাস্তা পুণ:নির্মাণের জন্য সাড়ে ২১ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের বিপরীতে কাজের সত্যতা যাচাইয়ে সরেজমিনে গেলে দৌলতপুর কেন্দ্রীয় মসজিদ নামে কোন মসজিদের অস্তিত্ব পায়নি কর্তৃপক্ষ। অথচ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমির হোসেন ভুয়া ৫ সদস্যের কমিটি জমা দিয়ে বরাদ্দকৃত টাকা উত্তোলন করেছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত দৌলতপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হাজী আমির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি টাকা আত্মসাতের অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, মসজিদের নাম খালিদ বিন ওয়ালিদ। প্রকল্পে ভুলবশত: কেন্দ্রীয় মসজিদ লেখা হয়েছে। আগের (সাবেক) চেয়ারম্যান যুবলীগ নেতা মঞ্জু কুমার দাশ এই টাকা বরাদ্দ দেন। কিন্তু রাস্তায় পানি উঠায় কাজ করা সম্ভব হয়নি। পানি নেমে গেলে কাজ করা হবে।

এ ব্যাপারে দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.লুৎফুর মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকার মুরুব্বিদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত