সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৬ ২০:১২

জঙ্গি তামিমের মৃত্যুর খবরে বিয়ানিবাজারে স্বস্তি

গুলশানে ও শোলাকিয়ায় হামলার মান্ডারমাইন্ড হিসাবে খ্যাত তামিম আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরে তার নিজ গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে স্বস্তি ফিরে এসেছে। তামিমদের গ্রামের বাড়ি ভারত সীমান্তঘেঁষা বড়গ্রাম। সিলেট শহর থেকে ওই গ্রামের দূরত্ব প্রায় ৪৪ কিলোমিটার।

স্থানীয়রা জানিয়েছেন, তামিমের জঙ্গি সংশ্লিষ্টতা আমাদের মানহানি ঘটাচ্ছিল এবং সবসময় আমরা আতংকে থাকতাম। তামিমের নিহতের খবর পেয়ে আমরা কিছুটা হলেও স্বস্তি পেলাম।

তামিমের নিহতের প্রতিক্রিয়ায় তার চাচাতো ভাই ফাহিম আহমদ চৌধুরী বলেন, ‘মাশাল্লাহ, আল্লায় বাঁচাইলা!’ যদিও তামিম কখনো এই গ্রামের বাড়িতে ছিলো না। তবুও বিয়ানীবাজারের দুর্নাম ছড়াচ্ছিল। আজ আমরা শঙ্কামুক্ত হলাম। তামিমের কানাডা প্রবাসী কোনও স্বজন দেশে অবস্থান করছেন কিনা এ বিষয়টিও তার জানা নেই বলে জানিয়েছেন ফাহিম। তিনি আরও জানান, তার বাবা নজরুল ইসলাম (তামিমের চাচা) গত রোববার মারা গেছেন। বাবার মৃত্যুতে তাদের পরিবার শোকাহত।

এদিকে তামিমের চাচা নূরুল ইসলাম চৌধুরী বলেন, তামিমের বাবা বা তার পরিবারের সঙ্গেও তাদের কোনও যোগাযোগ নেই। তামিম দেশে কোথায় অবস্থান করতো-সে বিষয়েও অবহিত ছিলেন না।

বিয়ানীবাজার বড় গ্রামের বাসিন্দা দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকারিয়া আহমদ জানান, তামিমের মৃত্যু সংবাদ তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছেন। তার মৃত্যুতে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তিনি বলেন, তার লাশ আনতে গ্রাম থেকে কেউ যাবে না।

শনিবার সকালে নারায়ণগঞ্জে ‘অপারেশন হিট স্ট্রং-২৭’-এ তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

উল্লেখ্য, ‘আমার লগ (সঙ্গ) ছাড়ি দেও, আমি আল্লাহর নামে আছি’ —পাঁচ বছর আগে বাবাকে এই চিঠি পাঠিয়ে তামিম আহমদ চৌধুরী নিখোঁজ হন বলে জানিয়েছিলেন সিলেটের বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। এরপর পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই বলেই জানান এলাকার লোকজন।

আপনার মন্তব্য

আলোচিত