২৯ আগস্ট, ২০১৬ ১৫:১১
সিলেট জেলা কারাগারের স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও শিশুদের জন্য পার্ক নির্মাণের দাবিতে মঙ্গলবার (৩০ আগস্ট) মানববন্ধন ও সমাবেশ করবে শিশু-কিশোর মেলা, সিলেট জেলা। ওইদিন বিকাল ৪ টায় নগরীর জেল রোডস্থ জেলা কারাগারের সম্মুখে এ কর্মসূচি পালন করা হবে।
আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধের যে আকাঙ্খা নিয়ে এদেশ স্বাধীন হয়েছিলো, সেই আকাঙ্খা ও চেতনা আজ হারিয়ে যেতে বসেছে। সারাদেশে মুক্তিযুদ্ধকে নিয়ে বিভিন্ন আয়োজন বাড়লেও দেশে প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা খুঁজে পাওয়া যায় না তরুণদের মধ্যে। সম্প্রতি তরুণদের উগ্র ধর্মীয় জঙ্গীবাদে অংশগ্রহন আতংকিত করে তুলছে অভিভাবকদের। তাই আমরা ভিন্ন আয়োজনের মাধ্যমে স্মৃতিসৌধকে ঘিরে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি।
তাঁরা আরো জানান, স্মৃতিসৌধকে ঘিরে যদি শিশুদের বিকাশ উপযোগী পার্ক হয়, তবে যে সাংস্কৃতিক পরিমন্ডল গড়ে উঠবে তা শিশু কিশোরদের অনেক নিরাপদে স্বাধীন মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। সম্প্রতি সিলেট কেন্দ্রীয় কারাগার বাদাঘাট এলাকায় স্থানান্তর হওয়ায় প্রায় ৪৫ একর জমি ফাঁকা হবে। নগরীর কেন্দ্রস্থলে এই স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও শিশুদের বিকাশ উপযোগী পার্ক নির্মাণের দাবি এখন সিলেটবাসীর প্রাণের দাবী।
আয়োজকরা কর্মসূচিতে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সচেতন সকলের অংশগ্রহণ কামনা করেছেন।
আপনার মন্তব্য