০৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩৮
সারাদেশের ন্যায় শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়। এই সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সময় সারাদেশে জঙ্গি ও সন্ত্রাসী হামলা প্রতিবাদে এবং এর বিরুদ্ধে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, যারা এই সব কর্মকাণ্ড পরিচালনা করেন এবং যারা এইসব কাজে জড়িত তারা দেশ ও জাতির শত্রু, তারা দেশদ্রোহী।
বিভিন্ন প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীদের এই সব কাজে জড়িত থাকা সম্পর্কে তারা বলেন অভিভাবকদের তাদের সন্তানদের সম্পর্কে সব সময় খোঁজ খবর রাখতে হবে। তারা কোথায় যায়, কার সাথে চলাফেরা করে এবং তার সহপাঠীদের সম্পর্কেও খোঁজ রাখতে হবে। তাহলে আমাদের সন্তানরা বিপথগামী কোন পথে যেতে পারবে না।
বক্তারা আরো বলেন, সচেতনতার ফলে জঙ্গি ও সন্ত্রাসবাদী কার্যক্রম বন্ধ করা এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয় আলোচনা সভায়।
আপনার মন্তব্য