মাধবপুর প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০৭

মাধবপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলা ডিবিতে হস্তান্তর

হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলাটি ডিবিতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম মামলাটি তদন্ত করছিলেন। ২৩ আগস্ট রাতে উপজেলার বীরসিংহপাড়া গ্রামে শাহ আলম তাহের নামে এক যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ভাবী জাহানারা, ভাতিজি শারমিন ও প্রতিবেশী শিমুলকে নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় থানা ও আদালতে পৃথক ৪টি হত্যার অভিযোগে মামলা হয়।

প্রথমে ২৪ আগস্ট রাতে জাহানারার দুলাভাই হাজী মোহন মিয়া শাহ আলমকে একমাত্র আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে আদালতে গিয়ে এ মামলা তিনি দায়ের করেননি বলে আদালত হলফনামা দেয়।

২৪ আগস্ট সকালে শারমিনের স্বামী কামাল হোসেন বাদী হয়ে থানায় শাহ আলমকে প্রধান আসামী করে ১২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ অভিযোগটি পুলিশ জিডি করে প্রথম মামলার নথিতে তদন্তের স্বার্থে অন্তর্ভুক্ত করতে আদালতকে অবহিত করে।

পরে জাহানারার স্বামী প্রবাস থেকে ফিরে এসে ৩০ আগস্ট তাহের মিয়াকে প্রধান আসামী করে আদালতে ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ৩১ আগস্ট শিমুলের বাবা শাহ আলম বাদী হয়ে আবার ৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে পৃথক একটি মামলা দায়ের করেন। আদালতে পৃথক দুটি মামলা হলেও বিজ্ঞ বিচারক পুলিশ রিপোর্ট না দাখিল করা পর্যন্ত দুটি মামলার কার্যক্রম স্থগিতাদেশ দিয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পুলিশ সুপার এ চাঞ্চল্যকর মামলাটি ডিবিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ পরিদর্শক কেএম আজমিরুজ্জামান সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২-১দিনের মধ্যে ডকেট পেলে তদন্ত শুরু করবো।

আপনার মন্তব্য

আলোচিত