০৭ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৩৩
সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ৬ দালালকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে এ অভিযানগুলো চালানো হয়।
দুপুর সাড়ে ১২ টায় বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে পাসপোর্ট দালালচক্রের সদস্য মোঃ জাহেদ আহমদ (লাল মিয়া) নামের একজনকে গ্রেফতার করা হয়। লাল মিয়া দক্ষিণ সুরমার গোটাটিকরের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দালালরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত জাহেদ আহমদকে জিজ্ঞাসাবাদে তার চায়ের দোকান থেকে ১টি ল্যাপটপ, অন্য ব্যক্তির ২টি পাসপোর্ট, ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ, ১টি কম্পিউটারকৃত পাসপোর্ট সংগ্রহ করার রশিদ এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে দুপুর ১টায় জেলা বিআরটিএ অফিসে এসি রফিকুল ইসলামের নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। ঐ অভিযানে বিআরটিএ অফিসের দালালচক্রের সদস্য মোঃ মুক্তার আহমদ (২৪), খলিলুর রহমান (৩৮), সৈয়দ আবু শাহিন আজাদ (৪২), জাবেদ আহমদ শিমুল (১৮) ও জামাল উদ্দিন (২০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ প্রায় তিন হাজার টাকা, ৬টি মোবাইল সেট, ১টি চাবি গুচ্ছ, ১টি জন্ম সনদ, ১ কপি বিআরটিএ ফরম, ১ কপি মানি রিসিটসহ বিভিন্ন গাড়ির কাগজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দালালরা বিভিন্ন ব্যক্তির নিকট হতে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, রোডপারমিট, ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি দ্রুত সময়ে পাইয়ে দেয়ার কথা বলে অতিরিক্ত টাকা আদায় করে সেবাগ্রহণকারী জনগণকে হয়রানী করে আসছে।
এ দুটি ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মন্তব্য