০৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০১
হাজারো কন্ঠে শপথ, জনসচেতনতা মূলক সমাবেশ ও এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বানিয়াচং উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা মাঠে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও কর্মীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ ও সমাবেশের মাধ্যমে বানিয়াচং উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানার পরিচালনায় বাল্যবিবাহ মুক্ত ঘোষনাকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.আব্দুল মজিদ খান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে বের হতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। মেয়ের বয়স ১৮ ও ছেলের বয়স ২১ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া বা করানো যাবে না। আজ থেকে সকলেই শপথ নিলাম বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়বো।
তিনি আরো বলেন, উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। এরপরেও যদি কোন স্থানে বাল্যবিবাহ হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাই সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ১৩ নং মন্দরী ইউপির চেয়ারম্যান শেখ সামছুল হক, ২নং ইউপির চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৪নং ইউপির চেয়ারম্যান রেখাছ মিয়া, জনাব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দাল হোসেন খান, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায় চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান পরিষদের সভাপতি কাজল চ্যাটার্জি, উপাধ্যক্ষ আতাউর রহমান, শিক্ষার্থী সানজিদা খানম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম সাইদুর রহমান ও গীতা পাঠ করেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ। বাল্যবিবাহ মুক্ত করণ সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্যসহ হাজারো জনতা অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য