সিলেটটুডে ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:১৯

‘পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু হবে সিলেট থেকে’

জাপার বিভাগীয় সমন্বয়সভা শুক্রবার

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ বলেছেন, পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সিলেট জাপা কাজ করছে। সিলেটে জাতীয় পার্টির অবস্থান অনেক সক্রিয়। আর সিলেট থেকেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু হবে। এই কাজ পুরো দেশে ছড়িয়ে পড়বে।

জাপা এরশাদের নির্দেশে আগামী সংসদ নির্বাচনে ৩শ’ আসনেই প্রার্থী দেবে। তিনি বৃহস্পতিবার নগরীর ধোপাদিঘিরপারস্থ জাপার অস্থায়ী কার্যালয়ে শুক্রবার অনুষ্ঠিতব্য বিভাগীয় সভা সফল করতে জেলা জাপার উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা জাপার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য সাইফ উদ্দিন খালেদ ও জেলা জাপার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, কেন্দ্রীয় সদস্য নাহিদা আক্তার, জাপা নেতা বশির উদ্দিন, কণা মিয়া, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মালেক খান, অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, মহানগর জাপার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম।

এদিকে, জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার শুক্রবার সাংগঠনিক সফরে সিলেট আসছেন। সকাল ১১টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার সাথে থাকবেন বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ফয়ছল চিশতী, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। তাদের সঙ্গে জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কয়েকজন সংসদ সদস্য সিলেটে আসছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ টি আসনে সংসদ সদস্য প্রার্থী চূড়ান্ত করতে হজরত শাহজালাল (র.) মাজার জেয়ারতের মাধ্যমে সিলেট থেকে এ সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ২টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে সিলেট বিভাগীয় জাপার সমন্বয়সভা অনুষ্ঠিত হবে। এই সমন্বয়সভা সফল করতে বৃহস্পতিবার ধোপাধীঘিরপারস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করে সিলেট জেলা জাতীয় পার্টি।

আপনার মন্তব্য

আলোচিত