১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫৩
গাজীপুরের টঙ্গীতে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ব্যাপক প্রানহানি ঘটা কারখানার মালিক সিলেটের সাবেক সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেন (লেচু মিয়া)। বিএনপিদলীয় এই নেতা সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য ছিলেন। বর্তমানের এই আসনের সাংসদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ধনকুবের সৈয়দ মকবুল হোসেনই দুর্ঘটনাকবলিত ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের মালিক বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রায় ২০ বছর ধরে এই কারখানাটি চলছে।
এদিকে, ঘটনার পর থেকে মকবুল হোসেন লেচু মিয়ার ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তাঁর অবস্থান সম্পর্কেও কেউ নিশ্চিত করতে পারেননি।
ড. সৈয়দ মকবুল হোসেন লেছু মিয়া টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসেবে বিগত দিনে দায়িত্ব পালন করেন। নানা কারণে আলোচিত সমালোচিত মকবুল হোসেন সিলেট অঞ্চলে লেচু মিয়া নামেই সমাধিক পরিচিত। নির্বাচনে ঢালাও অর্থব্যয়ের কারণে বিভিন্ন সময় আলোচনায় ওঠে এসেছে এই ধনকুবেরের নাম। নিজ দলের ভেতরেও বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন তিনি। হয়ে পড়েন কোনঠাসা। সাম্প্রতিক সময়ে রাজনীতি থেকে দুরত্ব বজায় রেখে ব্যবসায় মনোনিবেশ করেন লেচু মিয়া।
তিনি বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসন থেকে মোট ৩ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এর মধ্যে দু’বারই তিনি স্বতন্ত্র নির্বাচন করে সাংসদ নির্বাচিত হন। ১৯৮৮ ও ২০০১ সালে তিনি নির্বাচন করে জয়লাভ করেন। ২০০১ সালে স্বতন্ত্র নির্বাচন করে জয়লাভের পর বিএনপিতে যোগ দেন।
আপনার মন্তব্য