১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৩৭
অবিশ্বাস্য শোনালেও সত্যি- সিলেটে মাত্র ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হলো ফেসবুক! এটুকু পড়েই ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ আছে, এমন যেকোনো পাঠক বিস্ময়ে আঁৎকে উঠতে বাধ্য। কারণ, কোনো আগাম ঘোষণা ছাড়াই ফেসবুক বিক্রি হয়েছে, তাও আবার সিলেটে, মাত্র ১ লাখ ২০ হাজার টাকায়!
কিন্তু পাঠক যখন জানবেন, কিশোরগঞ্জ থেকে বিক্রির লক্ষ্যে ট্রাকে করে সিলেটে নিয়ে আসা হয়েছে ফেসবুককে, তখন বিস্ময়ের মাত্রা বেড়ে যাবে বহুগুণ!
আসল ঘটনা হলো, সিলেটের মাছিমপুর কয়েদির মাঠ পশুর হাটে বিক্রির জন্য কিশোরগঞ্জ থেকে গরুর পাইকার শহীদউল্লাহর নিয়ে আসা ফেসবুক নামের গরুটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে এটি কিনে নিয়েছেন নগরীর শিবগঞ্জ নিবাসী জাকির জাহামজেদ নামের একজন ক্রেতা।
গরুটি প্রত্যাশিত দামে বিক্রি করতে পেরে খুশি বিক্রেতা শহীদুল্লাহ। কারণ, কিশোরগঞ্জ থেকে মাত্র ২টি গরু বিক্রি করার জন্য সিলেট নিয়ে এসেছিলেন তিনি। আর তার ২টি গরুই বিক্রি হয়ে গেছে। গরুর নাম 'ফেসবুক' কেন? এমন প্রশ্নের জবাবে শহীদুল্লাহ বলেন, "বাজার গরম করার জন্য এখন সবকিছুরই নাম রাখা হয়। আর সহজেই বেশি প্রচারের আশায় আমার ভাতিজার পরামর্শে আমি গরুটির নাম রাখি 'ফেসবুক'।"
ফেসবুক কি চেনেন? প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে শহীদুল্লাহ বলেন, "আমি চিনি না, কিন্তু শুনছি আমার ভাতিজার কাছে ফেসবুক আছে।"
অন্যদিকে 'ফেসবুক' এর ক্রেতা জাকির জাহামজেদ বলেন, "গরুর হাটে ঢুকে অনেকগুলো গরু দেখার পর হঠাৎ একটি গরুর সামনে মানুষের ভিড় দেখে আমি সেখানে গিয়ে দাঁড়াই। তারপর গরুটির নাম 'ফেসবুক' শুনে আমার কাছে বিষয়টি ইন্টারেস্টিং মনে হয় আর গরুটি কেনার ব্যাপারে আমার আগ্রহ জাগে। বিক্রেতা ১ লাখ ৫০ হাজার টাকা দাম হাঁকলে আমি দরদাম করে ১ লাখ ২০ হাজার টাকায় গরুটি কিনে নেই।"
আপনার মন্তব্য