১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৯
সিলেট নগরীর ঘাসিটুলা থেকে ১৭ বছর বয়সী এক নিখোঁজ অপহরণকৃত তরুণীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে র্যাব।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল এএসপি সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে ঘাসিটুলার আজিজুর রহমানের বাড়ির সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তরুণীর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার চকেরগাঁও গ্রামে।
এ সময় অভিযুক্ত অপহরণকারী রাসেল আহমদ (২২) কে গ্রেফতার করে র্যাব। সে কুলাউড়া থানার কোনাগাঁও গ্রামের হান্নান মিয়ার পুত্র।
জিজ্ঞাসাবাদে তরুণী জানায় রাসেল আহমদ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে। অভিযুক্ত রাসেল আহমদ ঘটনার স্বীকারোক্তি প্রদান করলে উক্ত তরুণীর লিখিত এজাহারের ভিত্তিতে আটককৃত আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। এ সময় তরুণীর অভিভাবক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (৫ সেপ্টেম্বর) ঐ তরুণী নিজ বাসা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে র্যাব-৯ এ লিখিতভাবে অভিযোগ করা হয়। কুলাউড়া থানায় মামলাও দায়ের করে মেয়েটির পরিবার।
আপনার মন্তব্য