১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৪৫
সব নাগরিকের উপর কর আরোপের বিষয়ে দুই বছরের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার (১২ সেপ্টেম্বর) সিলেট নগরীর শাহী ঈদগায় ঈদ জামাতের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় অর্থমন্ত্রী বলেন, "সবার উপর কর আরোপের একটি চিন্তাভাবনা চলছে। এ বছরের পরের বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে।"
"যাদের মাসিক আয় ১৬হাজার টাকা থেকে শুরু, তাদের অবশ্যই কর দিতে হবে" যোগ করেন মুহিত।
বেসরকারি চাকরিজীবীদের ব্যাপারে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "বেসরকারি চাকরিজীবীদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে। আমরা সেই অনুযায়ী কর আরোপ করবো।"
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফরাসউদ্দিন কমিটির তদন্ত প্রতিবেদন ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে জনসমক্ষে প্রকাশ করা হবে বলে বলেও জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, "রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন ২২-২৪ তারিখের মধ্যে পাবলিক করা হবে, এতে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২৪ তারিখ দেশ ছাড়ার কথা রয়েছে অর্থমন্ত্রীর। তার আগেই এই প্রতিবেদন প্রকাশ হবে বলে জানান তিনি।
এ সময় মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) রহমতুল্লাহ অর্থমন্ত্রীকে ঈদের জামাতের নিরাপত্তা বিষয়ে প্রশাসনের প্রস্তুতি ব্রিফ করেন।
অর্থমন্ত্রীর সাথে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
আপনার মন্তব্য