জগন্নাথপুর প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৫

জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত ১৫

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে বিএনপি-শিবির ক্যাডারদের সন্ত্রাসী হামলায় সাংবাদিক, নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে বিএনপি-শিবির ক্যাডাররা স্থানীয় ইউপি সদস্য ইছরাক আলীর নেতৃত্বে শিবির ক্যাডার ফয়জুল আলম, ছাত্রদল ক্যাডার সিপন আলীসহ ৩০-৩৫ জন সন্ত্রাসী স্থানীয় সাংবাদিক সুজাত আলী ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এ সন্ত্রাসী হামলায় সাংবাদিক, নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দৈনিক জগন্নাথপুর ডটকম ও পিজিপি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক সুজাত আলী, আলী নূর, ফজর আলী, শাহাদাত উল্ল্যা, তমিজুর রহমান, কাওছার আহমদ, ইমরুল হাসান ও মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও স্থানীয় রাণীগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গুরুতর আহত হওয়ায় সাংবাদিক সুজাত আলী ও আলী নূর কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি(তদন্ত) খাঁন মোহাম্মদ মাইনুল জাকির বলেন, এ ঘটনার খবর পেয়েছি। এ ব্যাপারে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত