মাহমুদ এইচ খান, কমলগঞ্জ থেকে:

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৬

‘কইন্যা লইয়া আওয়াত গিয়া লাশ হইয়া আইলা’

চলছিল উৎসবের প্রস্তুতি, আনন্দ আয়োজনে পরিবার-পরিজনের সাথে পাড়া প্রতিবেশীরাও সামিল হচ্ছিলেন। ঢাকার নাখালপাড়ায় কনের বাড়িতে বিয়ে শেষে ফেরার কথা ছিল তাদের। কিন্তু মুহূর্তের ব্যবধানে সেই উৎসব রূপ নিল মর্মান্তিক মাতমে। কনে নিয়ে ফেরার বদলে নিজেরা ফিরলেন লাশ হয়ে। যাদের ঘিরে আনন্দ উৎসব তারাই সড়ক দুর্ঘটনা নামক নির্মমতার শিকার।


বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে  যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের লাশ যখন গ্রামে নিয়ে আসা হয় তখন তাই আক্ষেপ করে গ্রামের মুরব্বি আব্দুল মজিদ বলে ওঠেন কইন্যা লইয়া আওয়াত গিয়া লাশ হইয়া আইলা, অর্থাৎ কনে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন।

একই গ্রামের আটজন একসাথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে পারে এমনটা মানতে পারছেন না  এলাকার কেউই। নিহতদের পরিবারের মাতম, আহাজারি থামাতে গিয়ে উল্টো প্রতিবেশীরাও কেঁদে উঠছেন। পরিবারের কোন সদস্যের সাথে কথা বলারই পরিস্থিতি নেই।

 



শুক্রবার বিকেলে নিহতদের গ্রাম রুপসপুর গিয়ে দেখা যায় লাশের অপেক্ষমাণ হাজার মানুষ। সকলেই শোকস্তব্ধ মর্মান্তিক এই দুর্ঘটনায়।  প্রতিবেশীরা নব বধূ আনতে গিয়ে নিজেরা লাশ হয়ে ফিরেছেন এমন ঘটনায় সর্বস্তরের মানুষ মর্মাহত। মানতে পারছেন না একদিনে আটটি প্রাণে ঝরে পড়া।

 



এলাকার বাসিন্দা মো: আফরোজ আলি বলেন অযোগ্য চালক আর মহাসড়কে ব্যাপরোয়া বাসের কারনে আজ আমরা এতগুলো প্রান হারিয়েছি। আমি শুধু চাইব আর যাতে এমন ঘটনা এই বংলাদেশে আমাদের দেখতে না হয়।

সন্ধ্যার পরে নিহতদের জানাজা শেষে দাফন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত