সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১৭

শ্রীমঙ্গলের মাছের পোনা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জে রাজা মিয়া নিজের বিশাল ফিসারীর জন্য তৈরি মাছের হ্যাচারির পোনা এখন দিতে হচ্ছে দেশের বিভিন্ন এলাকার ফিসারী মালিকদের। এতে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রীমঙ্গল রাজা মিয়া ফিসারীজ এর পরিচালক মাষ্টার গোলাম মোস্তফা রাজা।

রাজা মিয়ার হ্যাচারির পোনা শতভাগ বর্ধিষ্ণু ও লাভজনক যা দৃষ্টি কাড়ে ফিসারিজদের। মাষ্টার গোলাম মোস্তফা রাজা স্ত্রী সন্তানদের নিয়ে ছিলেন প্রবাসে। কিন্তু দেশ মাতৃকার টানে তার প্রবাস জীবন বেশি দিন স্থায়ী হয় নাই। ফিরে আসেন দেশে। শুরু করেন নিজের কেনা জমিতে ফিসারী করে মাছের চাষ। একটি দুটি করে একসময় তার ফিসারী ছাড়িয়ে যায় শতের উপরে। কিন্তু ফিসারী বৃহদাকার ধারণ করার পর ব্যস্ত পড়েন মাছের রেণু ও পোনা নিয়ে। বিভিন্ন জায়গা থেকে পোনা ও রেণু এনে তিনি বেশ ঠকছিলেন।

এভাবে ৭/৮ বছর অতিবাহিত হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন নিজেই হ্যাচারি করে নিজের ফিসারীতে ছাড়বেন। এক পর্যায়ে ১৯৯৭ সাল থেকে তিনি গড়ে তুলেন রাজা হ্যাচারি। নিয়োগ দেন ৫ জন ডাক্তার। শুরু হয় রেণু উৎপাদন। আর রেণুর জন্য মা মাছ ও পুরুষ মাছ বাছাই করেন নিজের ফিসারী থেকেই।

এরপর থেকে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শতভাগ দুশ্চিন্তা মুক্ত হয়ে নিজের হ্যাচারির পোনা দিয়েই তার ফিসারীগুলোর চাহিদা মেটান। তার মাছের গ্রোথ ও অন্য যে কোন ফিসারীর চেয়ে ভালো। তার ফিসারীতে প্রাপ্ত বয়স্ক রুই, কাতল, গ্রাসকাপ ও ব্রিগেডসহ বিভিন্ন জাতের মাছ সর্বোচ্চ ওজন তিনি ১০ কেজি পর্যন্ত রেকর্ড করেন। অন্যান্য ছোট জাতের মাছের সাইজও আশানুরূপ।

এদিকে রাজা মিয়ার হ্যাচারির পোনার শতভাগ বেঁচে যায় এবং এর গ্রোথ খুব ভালো এ খবর আশে পাশে ছড়িয়ে গেলে অনেকেই তাকে পোনা দেয়ার জন্য চাপ দেয়। তিনি নিজের চাহিদা মিটিয়ে বাহিরেও কিছু কিছু পোনা খরচ সাপেক্ষে মূল্য নির্ধারণ করে বিক্রি করেন। এক পর্যায়ে এটি নিজের উপজেলা থেকে জেলা বিভাগ এমন কি সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে বেড়ে যায় তার বাহিরের ক্রেতা। তার কাছ থেকে পোনা নিতে হলে আগাম যোগাযোগ করে গেলেই বেশ ভালো হয়।

বিভিন্ন সময় তিনি পোনা বিক্রি করার পাশাপাশি পরামর্শও দিয়ে থাকেন। পোনা নিয়ে ভুক্তভোগী কোন খামারী যদি তার পরামর্শ ও পোনা ক্রয় করতে চান তাহলে তার সাথে যোগাযোগও করতে পারেন। সরাসরিও তার ফিসারীতে গিয়ে যোগাযোগ করা যেতে পারে। তার ফিসারীতে যেতে হলে শ্রীমঙ্গল শহর থেকে সিএনজি অটো রিক্সা নিয়ে তিন কিলো মিটার ঢাকা অভিমুখে মতিগঞ্জ বাজারের আগে বিলাস নদীর ডান দিক দিয়ে পাকা রাস্তায় নদীর পাড়ে পাড়ে প্রায় দুই কিলোমিটার গেলেই সাইনবোর্ড নির্দেশনায় রাজা ফিসারীজ পাওয়া যাবে।

এ ব্যাপারে রাজা ফিসারীজের পরিচালক মাস্টার গোলাম মোস্তফা রাজা জানান, নিজের জন্য করে এখন মানুষকে দিচ্ছেন। ভালোমানের পোনা উৎপাদন করতে পারছেন এতে তিনি নিজেই খুব খুশি।

তিনি জানান, লন্ডনে ব্যবসা বাণিজ্য করেও তিনি এতো তৃপ্তি পাননি বর্তমানে হ্যাচারি ও ফিসারী করে যা পাচ্ছেন। বর্তমানে তার এ প্রতিষ্ঠানে প্রায় দেড়শতাধিক লোক কাজ করে তাদের জীবন নির্বাহ করছে। প্রচুর লোকের কর্মসংস্থান এর সুযোগ দিতে পেরেও তিনি খুব খুশি।

আপনার মন্তব্য

আলোচিত