২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৮
বজ্রপাতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় তিনজন এবং শাল্লা উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুই উপজেলায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
দিরাইয়ে মারা গেছেন করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের শামীম মিয়া (৪৫) ও তহুর মিয়া (৩৫) এবং টুক দিরাই গ্রামের শেমরান মিয়া (১১)। আহত হয়েছেন একই গ্রামের হামিদ মিয়া (২২), রুবেল মিয়া (১৯), মো. ফারুক মিয়া (৩৬), হুসেন মিয়া (৪০) ও ছুরত মিয়া (২৮)। শাল্লা উপজেলায় মারা গেছেন শ্রীহাইল গ্রামের হৃদয় মিয়া (১৮), ইমান মিয়া (২০) ও খাইনুল হক (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের একদল লোক সকাল আটটার দিকে নৌকায় করে দিরাই বাজারে যাচ্ছিলেন। পথে বজ্রপাত হলে শামীম ও তহুর মারা যান। এ ঘটনায় আহত পাঁচজনের মধ্যে হামিদ ও রুবেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ভর্তি করা হয়েছে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বেলা ১১টার দিকে বজ্রপাতে একই ইউনিয়নের টুক দিরাই গ্রামের কিশোর শেমরান মারা যায়। ঘটনার সময় সে বাড়ির পাশের রাস্তায় ছিল।
এদিকে, সকাল সাড়ে নয়টার দিকে শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের পাশের বেড়ামোহনা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান হৃদয়, ইমান ও খাইনুল।
বজ্রপাতে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান।
আপনার মন্তব্য