নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২০

টিলা কাটার দায়ে সাংবাদিক সালাম মশরুরসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে একটি টিলা কাটার দায়ে সাংবাদিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা বাদী হয়ে নগরীর বিমানবন্দর থানায় এ মামলাটি দায়ের করেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে বাইশটিলা এলাকার ‘ক্যাম্প টিলা’ নামের একটি টিলা কাটার দায়ে এ মামলা দায়ের করা হয়। সাংবাদিক সালাম মশরুরকে প্রধান আসামী করে দায়েরকৃত মামলায় সিরাজুল ইসলাম, সেবুল আহমদ, শফিকুর রহমানসহ ১৬ জনকে আসামী করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে ৪ জনের নাম উল্লেখ করে ও বাকী ১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেনও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক সালাম মশরুর দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধানের দায়িত্বে আছেন।

জানা যায়, সম্প্রতি ক্যাম্পের টিলা নামক টিলা কেটে ৩৬০ শতক জলাভূমি ভরাট করা হয়। আবাসিক প্লট তৈরি করে বিক্রির জন্য সালাম মশরুরসহ ছয়জন এই টিলাটি কাটাচ্ছিলেন বলে প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর।

এরআগে গত শনিবার টিলা কাটার অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নুরুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের সাতটি খননযন্ত্র (এক্সকাভেটর) জব্দ করেন। এ সময় টিলা কাটা এলাকার প্রধান ফটক তালাবদ্ধ করে পুরো এলাকা সিলগালা করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, প্রায় তিন একর জায়গা নিয়ে পাশাপাশি দুটি টিলার চূড়ায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। তাই এর নাম ‘ক্যাম্পের টিলা’। সমতল থেকে প্রায় ৬০ ফুট উঁচু টিলার ৮০ শতাংশ কেটে ফেলা হয়েছে। যন্ত্র দিয়ে কেটে টিলার মাটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানার প্রাচীরঘেঁষা হাওর পুকুরিয়া ও বাগগুলের জলাভূমি এলাকায় ফেলা হয়েছে।

জেলা প্রশাসনের ভূমি সংশ্লিষ্ট শাখা সূত্র জানায়, ক্যাম্পের টিলাসহ আশপাশের ৩৬০ শতক জায়গার মধ্যে ২১০ শতক জায়গার মালিক সাংবাদিক সালাম মশরুর। বাকি জায়গা লন্ডনপ্রবাসী সিরাজুল ইসলামসহ তাঁর পাঁচজন আত্মীয়ের।

তবে টিলা কাটার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সাংবাদিক সালাম মশরুর।

আপনার মন্তব্য

আলোচিত