নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০১:০০

সিলেটে শেখ হাসিনা হত্যা প্রচেষ্টা মামলায় ১৩ সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা

সিলেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার প্রচেষ্টা মামলায় পুলিশসহ ১৩ সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) এর বিচারক মো: মাহফুজুর রহমান ভূঞা এ আদেশ প্রদান করেন।

এ মামলায় একই আদালতে বুধবার নগরীর বালুচরের পরিমল চন্দ্র দে ও তার ছেলে রিপন চন্দ্র দে আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। মামলায় মোট ৪৭ সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

বুধবার হরকাতুল জিহাদের  (জেএমবি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও আবু সাঈদকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ডাঃ আরিফ আহমদ মমতাজ রিফা ও শেখ শাহজাহানও ওই দিন আদালতে হাজিরা দেন। জামিনে থাকা অপর ২ আসামী আবু ওবায়দা হারুন ও মাসুদ আহমেদ  শাকিল আদালতে অনুপস্থিত থাকায় তাদের জামিন বাতিল পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।

২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে নগরীর ফাজিলচিস্তে বিএনপি নেতা ডা. আরিফ আহমদ রিফার বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুই জঙ্গী মারা যায়। ওইদিন সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের এক নির্বাচনী জনসভায় শেখ হাসিনা ভাষণ দেন।

পরবর্তীতে আদালতে হরকাতুল জিহাদের জঙ্গিরা জানায়, জনসভায় বোমা মেরে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। কিন্তু এর আগে বোমা তৈরীকালে বিস্ফোরণ ঘটায় ওই পরিকল্পনা ভেস্তে যায়। এ ব্যাপারে তৎকালীন কোতয়ালী থানার ওসি বাদী হয়ে একটি মামলা করেন।

আপনার মন্তব্য

আলোচিত