নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০১:২৮

সিলেটে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি ফরমের টাকা আত্মসাত করে নিয়েছে কোচিং সেন্টার!

সিলেটের একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে।

ভূক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, সেন্টার ফর ইন্টারমেডিয়েট ফিজিক্স এন্ড ক্যামেস্ট্রি (সিআইপিসি) নামের ওই কোচিং সেন্টার সিলেটে ৩৬০ জন শিক্ষার্থীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের টাকা আত্মসাত করে নিয়েছে। এ অভিযোগে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থী ও অভিভাবকরা নগরীর চৌহাট্টা এলাকায় এই কোচিং সেন্টারের পরিচালককে অবরোধ করে বিক্ষোভ করেছে।

এছাড়া বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারেও বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ,  তারা সিআইপিসি কোচিং সেন্টারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফরম ফিলাপের টাকা জমা দেন। কিন্তু টাকা নিয়েও অনলাইনে ভর্তি আবেদন না করে শিক্ষার্থীদের টাকা আত্মসাত করেছেন প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হোসেন। ফলে ৩৬০ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ বিষয়ে শিক্ষার্থী ও অভিবাবকরা আইনী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। কোচিং সেন্টারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে 'আমরা জগন্নাথ বিশব্বিদ্যালয়ের এডমিট কার্ড চাই' নামে ফেসবুকে একটি ইভেন্ট খুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

ওই ইভেন্টে আর্জয়িতা ঐশী নামের এক শিক্ষার্থী লিখেছেন, 'প্রায় ৪০০ জন শিক্ষার্থীর স্বপ্ন ধ্বংস করে দিয়েছে এই আনোয়ার নামক ...! এসব শিক্ষার্থীর এখন ভবিষ্যৎ কি? ওরা কোথায় যাবে? ওদের ক্ষতি পূরনের দায়ভার কে নেবে? শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি কি দেখতে পাচ্ছেন না?'

তবে প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হোসেন বলেছেন, সার্ভারের টেকনিক্যাল সমস্যা ও নানা জটিলতার কারনে যথাসময়ে ফরম পূরণে ব্যর্থ হয়েছেন। তিনি শিক্ষার্থীদের ফরমের টাকা ফেরত দেয়ারও আশ্বাস দেন।

আপনার মন্তব্য

আলোচিত