গোয়াইনঘাট প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৬

তামাবিল চেকপোস্ট দিয়ে ত্রিপুরা গেলো ভারতের জ্বালানি তেলবাহী লরির দ্বিতীয় চালান

সিলেটের তামাবিল শুল্ক বন্দরের চেকপোস্ট দিয়ে ভারতের জ্বালানি তেলবাহী লরির দ্বিতীয় চালান শনিবার বিকেলে বাংলাদেশে প্রবেশ করে। তেলবাহী ১০টি লরি তামাবিল চেকপোস্ট অতিক্রম করে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট হয়ে ভারতের ত্রিপুরার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন এসিষ্ট্যান্ট কমিশনার নাসির উদ্দিন, সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, তামাবিল শুল্ক বন্দরের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান, ইমিগ্রেশন চেক পোস্ট কর্মকর্তা মোঃ রুনু মিয়া, ভারতীয়দের পক্ষে উপস্থিত ছিলেন মেঘালয়ের সড়ক বিভাগের আঞ্চলিক উপ-পরিচালক অসিম পাল চৌধুরীসহ কর্মকর্তাবৃন্দ।

ভারতীয় পাহাড়ি পথে পেট্রোল ও ডিজেল পরিবহনে সমস্যার কারণে বাংলাদেশেকে  ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত জ্বালানি তেল পরিবহন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশ অংশে যাতায়াত ও অবস্থানকালে ভারতীয় জ্বালানি তেলের ট্যাংকারের নিরাপত্তা প্রদানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ থেকে তামিবল ও চাতলাপুর চেকপোস্টসহ বিভিন্ন থানাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

জানা যায়, ভারতের মেঘালয় ও দক্ষিণ আসাম হয়ে জাতীয় মহাসড়কের অবস্থা খুবই খারাপ ও সম্প্রতি ভারীবর্ষণ ও ভূমিধসের কারণে আসাম থেকে ত্রিপুরাগামী সড়কপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে ত্রিপুরায় জ্বালানি তেলের সঙ্কট দেখা দেয়। জ্বালানীর এই সঙ্কট উত্তোরণে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারত ত্রিপুরায় তেল সরবরাহ করতে সম্প্রতি ঢাকায় দু’দেশের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি অনুযায়ী আজ শনিবার দ্বিতীয় তেলবাহী ১০টি লরি তামাবিল চেকপোস্ট দিয়ে প্রবেশ করে চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরায় যাবে।

আপনার মন্তব্য

আলোচিত