২৪ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৮
ছাতক সিমেন্ট কারখানায় চুরির ঘটনায় জড়িত ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আজম আলী(৪৫), সফর আলী(৩৫) ও জাম্বির আলী(৩০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা চুরিসহ একাধিক মামলার আসামী বলে পুলিশ সুত্রে জানা গেছে।
আজম আলী উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র, নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও (টেঁকি) গ্রামের আফিজ আলীর পুত্র সফর আলী ও নোয়ারাই গ্রামের বিক্রম আলীর পুত্র জাম্বির আলী। বৃহস্পতিবার ভোরে ছাতক সিমেন্ট কারখানার কোরিয়ান গোডাউনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা নিরাপত্তা কর্মীকে পিটিয়ে লাইটপোষ্টের সাথে বেধে গোডাউন থেকে কয়েক লক্ষ টাকা মুল্যের মুল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
চোরদের প্রহারে আহত নিরাপত্তাকর্মী অস্থায়ী আনসার সদস্য মইনুল হোসেন (৩২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চুরির ঘটনায় ওইদিন বিকেলে কারখানার প্রকৌশলী আখতারুজ্জামান বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে ছাতক থানার এসআই চম্পক দাম ও এসআই তরিকুল ইসলাম অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন। সিলেট শহরের সাপ্লাই এলাকার ভাঙ্গারী দোকানে এসব চোরাই মালামাল বিক্রি করা হয়েছে বলে গ্রেফতারকৃত চোরেরা পুলিশের কাছে স্বীকার করেছে। মালামাল উদ্ধারে চোরদের সাথে নিয়ে পুলিশ সাপ্লাই এলাকার ওই ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়েছে।
কারখানার সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, কোরিয়ান গোডাউন থেকে ওইদিন চোরেরা ৬ লক্ষাধিক টাকা মুল্যের মুল্যবান তামার তার চুরি করে নিয়ে যায়।
আপনার মন্তব্য