২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০১:০৯
সেপ্টেম্বর মাসের শেষ রবিবার 'বিশ্ব নদী দিবস' হিসাবে পালন করা হয় । এবছর ২৫ সেপ্টেম্বর, শেষ রবিবার । আজ সেই দিন । আজ 'বিশ্ব নদী দিবস' পালিত হবে বিশ্বময়।
নদী নিয়ে যারা কাজ করে তাঁদের জন্য সারা বছরই নদীর দিন । কিন্তু যারা প্রতিদিন নদী নিয়ে কাজ করে না বা ভাবে না তাঁদেরকে 'বিশ্ব নদী দিবস'-এ অন্তত নিজের শহরের বা গ্রামের নদীকে নিয়ে ভাবনা চিন্তা করা উচিৎ । নদীর জন্য সামান্য হলেও কিছু না কিছু করা প্রয়োজন । আসুন আমাদের নদীগুলোর জন্য কিছু করি ।
এবারের নদী দিবসের প্রতিপাদ্য নির্ধারন হয়েছে 'সুস্থ নদী, সুস্থ নগর'। অর্থাৎ আমাদের নগরের পাশ দিয়ে বয়ে চলা নদী যদি সুস্থ থাকে তবে আমাদের নগরও সুস্থ থাকবে । নদী যদি অসুস্থ হয় তবে নগরকেও অসুস্থ করে দেবে ।
সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে...বলে যে সুরমা নিয়ে গর্ব করে সিলেটের মানুষ সেই সুরমা নদীর জায়গা দখল করে শৌচাগার নির্মাণ করা হয়েছে । তাও আবার নগর ভবন (অস্থায়ী) ও কোতোয়ালী থানার খুব কাছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামান্য দূরে ।
সিলেট নগরের একটি বিশেষ পেশার কিছু রুচিহীন মানুষ এমন একটা কান্ড না হয় করেই ফেলেছে । সংবাদ মাধ্যম তা ফলাও করে দেশের মানুষের কাছে তুলেও ধরেছে । জাতীয় নদী রক্ষা কমিশন সংবাদটি জানতে পেয়ে সিলেটের জেলা প্রশাসকের কাছে জরুরী চিঠি পাঠায় । কিন্তু এখন পর্যন্ত নির্মানের প্রায় তিন মাস হয়ে গেলেও রুচিহীন দখলদারদের বিরুদ্ধ্যে কোন ব্যাবস্থা নেয়া হয় নাই । বিলাসী এ শৌচাগারে শৌচকর্ম নিয়মিত চলছে।
এমন রুচিহীন অপকর্মকে পাশ কাটিয়ে যাওয়া প্রসাশনের রুচিহীনতার পরিচয় । আড়াই মাস ধরে নগরের কর্তাব্যাক্তিরা এই শৌচাগার অপসারণ করতে পারেন নাই । এই অপসারণ করতে না পারার দায় সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে নিতে হবে । নগরের সভ্য, সুশীল, সংস্কৃতিবান, রুচিবান নাগরিকদের নদীকে অসুস্থ করার এই অপপ্রয়াসের বিরুদ্ধ্যে কথা বলতে হবে । প্রশাসনকে এই দায়সারা দায়িত্বের জন্য জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।
রোববার বিশ্ব নদী দিবসে জেলা প্রশাসক কার্যালয়ে বেলা ১১টায় সেই কাজটি করা হবে । সুরমা নদী দখল করে কাজীরবাজারে নির্মান করা 'বিলাসী শৌচাগা'র ভাঙ্গতে প্রশাসনের নিরবতায় ক্ষোভ জানানো হবে । অবিলম্বে নদী দখলদারদের উচ্ছেদ করা ও নির্মাতাদের অর্থে 'বিলাসী শৌচাগা'র ভাঙার দাবি জানানো হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট শাখা ও সুরমা রিভার ওয়াটারকিপার নাগরিকদের পক্ষ্যে নাগরিক প্রতিবাদ ও স্মারকলিপি পেশের কর্মসূচী পালন করবে। সুরমা নদীর জন্য আপনার কোন দায় থেকে থাকলে কর্মসূচীতে অংশ নিন। সম্ভব হলে আপনার সংগঠন থেকেও প্রতিবাদ জানান । বিশ্ব নদী দিবসের নদীময় শুভ কামনা।
(লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত)
আপনার মন্তব্য