২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫৭
সুনামগঞ্জের ছাতকে তাসলিমা বেগম (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুর-বৈশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। তাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা। তাসলিমা বেগম উপজেলার বাহাদুরপুর-বৈশাকান্দি গ্রামের নয়ন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের বাশ্বাপুর-কাইট্টাকান্দা গ্রামের হানিফ আলীর পুত্র ট্রাক্টর চালক নয়ন মিয়া (৩০) বৈশাকান্দি-বাহাদুরপুর গ্রামের একটি ভাড়াটে ঘরে বসবাস করতো। প্রায় ছয় মাস আগে একই গ্রামের মৃত হেলিম মিয়ার কন্যা তাসলিমার সাথে নয়নের বিয়ে হয়। সোমবার রাতের খাবার খেয়ে স্বামীর সাথে একই ঘরে ঘুমিয়ে পড়ে তাসলিমা। সকালে তাসলিমার মৃত দেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ছাতক থানার এসআই চম্পক দাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী নয়ন মিয়া পলাতক রয়েছে।
এসআই চম্পক দাম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য