দিরাই প্রতিনিধি

০১ অক্টোবর, ২০১৬ ১২:৫৩

দিরাইয়ে মসজিদে ঢুকে প্রতিপক্ষের উপর হামলা, ইমামসহ আহত ২০

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুসের অনুসারীদের হামলায় মসজিদের ইমাম ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জুমআ’র নামাজের পর এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রইছ আলী, হোসেনা খাতুন, রুপ মিয়া, সিরাজ আলী, সাদিকুর রহমান, ইমাম হোসেন, আশিক মিয়া, জ্যোৎস্না বেগম, লাল মিয়া, আফরোজ মিয়াসহ ৯ জনকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্থানীয়রা জানান, গ্রামের বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস ও রইছ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে কুদ্দুস গ্রুপের ভয়ে রইছ আলী দীর্ঘদিন গ্রামছাড়া ছিলেন। শুক্রবার রইছ আলী গ্রামে এসে মসজিদে জুমআ’র নামাজ পড়তে যান। এ খবর পেয়ে কুদ্দুস গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে  মসজিদের ভেতর হামলা চালায়। এতে রইছ আলী, মসজিদের ইমাম ও নারীসহ গ্রামের ২০ জন আহত হন।

দিরাই থানার ওসি আবদুল জলিল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত