০৮ এপ্রিল, ২০১৫ ১৪:৪৩
ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে জাল টাকাসহ এক মহিলাকে আটক করে পুলিশে দিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে আজগর আলী দোকান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মহিলা পারভীন বেগম (৩৫) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর গ্রামের ইসলাম আলীর স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পারভীন বেগম ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারের আজগর আলীর দোকানে কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে পারভীন বেগম ১ হাজার টাকার একটি নোট দেন। নোটটি দেখে ব্যবসায়ী আজগর আলীর সন্দেহ হলে তিনি নোটটি আশপাশের দোকানের মালিকদের দেখান।
অন্য ব্যবসায়ীরাও নোটটি জাল হিসেবে সনাক্ত করলে পারভিন বেগমকে বাজার বনিক সমিতির নেতৃবৃন্দের কাছে নিয়ে যাওয়া হয়। পরে বণিক সমিতির সহ সভাপতি আতিকুর রহমান বিষয়টি ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার এস আই মো. শহিদ মিয়া ঘটনাস্থলে এসে মহিলাকে আটক করেন। পরে ওই মহিলার কাছ থেকে ১ হাজার টাকার আরও ২টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং ২/১৫) দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য