০৮ এপ্রিল, ২০১৫ ১৯:৪২
ক্রেতা সেজে দোকানে ঢুকে ক্যাশ থেকে টাকা চুরি ঘটনায় তিন মহিলা চোরকে আটক করেছে জনতা। পরে এলাকার লোকজন তাদেরকে ধরে ব্যাপক গণপিটুনি দেয়। গতকাল বুধবার বিকালে শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়া জাকারিয়া সিটির সামনে মইনূল স্টোরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হল বিশ্বনাথের ওৎপুর গ্রামের জমির আলীর মেয়ে শাহেনা বেগম ও একই এলাকার সিরাজ আলীর মেয়ে সুমি ও সুমা।
মইনুল স্টোরের মালিক মছব্বির আলী বলেন, তিন মেয়ে এসে তার দোকানে এটা ওটা কেনার জন্য বলে। একপর্যায়ে তাদের কথামত মাল দিতে গিয়ে তিনি নিজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় প্রতিবেশী এক লোক এসে দেখতে পান মহিলারা তার ক্যাশ থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। তার চিৎকারে এলাকার লোকজন এসে তাদের কাছ থেকে ক্যাশে রাখা ৩৭ হাজার টাকা উদ্ধার করেন।
পরে এলাকার লোকজন ব্যাপক গণপিটুনি দিয়ে ইউপি মেম্বার বদরুল ইসলাম আজাদকে খবর দেন। তিনি এসে পুলিশকে খবর দেন। আটককৃতরা চিহ্নিত মাদকসেবী হওয়ায় পুলিশ মুচলেকা রেখে ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় বলে জানান ইউপি মেম্বার আজাদ। তিনি সমকালকে বলেন, মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য