০৯ এপ্রিল, ২০১৫ ২৩:৫৯
কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গোলেরহাওর এলাকা থেকে বুধবার সকালে আঘাতপ্রাপ্ত মায়া হরিণ-এর একটি শাবককে উদ্ধার করা হয়। পরে হরিণ শাবকটিকে সিলেটের টিলাগড়ে হস্তান্তর করেছে বন বিভাগ।
বনবিভাগ সূত্রে জানা যায়, কমলগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বনবিভাগ কর্মীরা টহলের সময় বুধবার সকালে ভারত সীমান্তবর্তী সংরক্ষিত বনাঞ্চলের গোলের হাওর এলাকায় মায়া হরিণ-এর একটি শাবক স্থানীয় লোকজনের সহযোগীতায় আটক করা হয়।
লম্বায় ৩ ফুট ও উচ্চতায় ২২ ইঞ্চির পুরুষ জাতের ওই মায়া হরিণ শাবকের পিঠে ও মাথায় কাটার আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষীরা মায়া হরিণটি ধাওয়া করলে সেটি সীমান্তের কাটাতারে লেগে আঘাতপ্রাপ্ত হয়। আটক হরিণটিকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে বুধবারেই সিলেটের টিলাগড় বনবিটে হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা মামুন আল আমান মোহাম্মদ মালেকুজ্জামান বলেন, আঘাতপ্রাপ্ত হরিণ শাবকটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটের টিলাগড় বনবিটে স্থানান্তর করা হয়েছে। সেখানে একটি পার্ক তৈরী হচ্ছে সেজন্য ডিএফও সাহেবের পরামর্শক্রমে হরিণ শাবকটিকে স্থানান্তর করা হয়।
আপনার মন্তব্য