নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০১৫ ১৭:২৯

টিলাগড়ের শাপলাবাগে তালাবদ্ধ বাসায় আগুন, আসবাব পুড়ে ছাই

সিলেট নগরীর টিলাগড় শাপলাবাগ এলাকায় একটি তালাবদ্ধ বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে শাপলাবাগ ২ নং রোডের ২৬ নাম্বার কামালী মঞ্জিলের ২য় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাসার আসবাবপত্র, কাপড়-চোপড় ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে শাপলাবাগ ২ নং রোডের কামালী মঞ্জিল বাসায় আগুন লাগে। এ সময় বাসার আশপাশের বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বাড়ির তত্ত্বাবধায়ক রফিক মিয়া সিলেট টুডে ২৪ কে জানান, বাড়ির মালিক যুক্তরাজ্য প্রবাসী। তিনি তত্ত্বাবধায়ক হিসেবে আছেন। অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়ির ছাদে কাজ করছিলেন। হঠাৎ আশেপাশের লোকজনের দৌঁড়ঝাপ দেখে তিনি ঘরের তালা খুলে অাগুন দেখতে পান।

তবে আগুন লাগার কারণ এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে তিনি কিছু বলতে পারেন নি।

কর্তব্যরত ফায়ার সার্ভিসের একজন সদস্য সিলেট টুডে ২৪ কে জানান, আগুন লাগার সঠিক কারন এখনো সনাক্ত করা যায় নি। তবে এ দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত