১২ এপ্রিল, ২০১৫ ০০:৫৮
সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় একটি বাসা দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটর সাইকেল ও একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়া হয়েছে। শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগবাড়ি ৩৫৩ নং বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাত সোয়া ১১টার দিকে নগরীর বাগবাড়ি এলাকায় কয়েকজন সন্ত্রাসী নিয়ে হাজী আব্দুর রবের (৩৫৩ নং বাসা) বাসার পাশে কলোনী দখল করতে যান রাফি নামের এক ব্যাক্তি। এ সময় বাসায় কেয়ারটেকার বাধা দেয়। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কলোনীতে আগুন ধরিয়ে দেয়।
পরে বাসায় কেয়ারটেকার রুবেল এলাকাবাসীকে সাথে নিয়ে হামলাকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে দখলকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের দুটি মোটার সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়া পালানোর সময় হামলাকারীরা একটি সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও কোতোয়ালী থানার এসি সাজ্জাদুল আলম। এ সময় ঘটনাস্থল থেকে হামলাকারী রাফি মিয়া, কেয়ারটেকার রুবেলকে আটক করে পুলিশ। পরে এলাকাবাসী শফিক, কামাল, মেহেরাজ নামের আরো তিন হামলাকারীকে আটক করে পুলিশে দেন।
এদিকে আগুল লাগার খবর পেয়ে সিলেটের ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে।
হামলাকারী রাফি বাসার মালিক হাজী আব্দুর রবের ভাতিজা বলে জানা গেছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই রবিউল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্তি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আপনার মন্তব্য