১৩ এপ্রিল, ২০১৫ ২১:০০
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি চার মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। জেলা ক্রীড়া সংস্থার বিধিমালা লঙ্ঘন করে গঠিত কমিটিকে চ্যালেঞ্জ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ চৌধুরী উচ্চ আদালতে রিট করলে আদালত এই স্থগিতাদেশ দেন।
সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি আদালত জেলা ক্রীড়া সংস্থার স্থগিতকৃত নির্বাচন তিন মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন।
এদিকে, উচ্চ আদালতের নির্দেশে এডহক কমিটি স্থগিত হওয়ায় জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে থাকছে নির্বাচিত কমিটিই।
গত ৮ এপ্রিল জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের তফসিল চলমান অবস্থায় জাতীয় ক্রীড়া পরিষদ সচিব শিবনাথ রায় স্বাক্ষরিত এডহক কমিটি গঠন করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালা লঙ্ঘন করে এডহক কমিটি গঠন করে।
নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের অভিযোগ জাতীয় ক্রীড়া পরিষদ সচিব শিবনাথ রায় স্বাক্ষরিত ঘোষিত কমিটি ক্রীড়া পরিষদের ধারা ২৬.১০ এর স্পষ্ট লঙ্ঘন। এই ধারায় বলা হয়েছে তফসীল ঘোষিত নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত পূর্বাতন কমিটি দায়িত্ব পালন করবে।
আপনার মন্তব্য