১৩ এপ্রিল, ২০১৫ ২৩:২৮
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় হামলা চালিয়েছে অত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও ক্যাফেটরিয়ার আসবাবপত্র ভাংচুরের পর সেখানে তালা মেরে দেয়া হয়। রবিবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। ক্যাফেটরিয়ার দায়িত্বপ্রাপ্ত পরিচালক মিঠুন চৌধুরী এ ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানান সিলেটটুডে ২৪ কে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্যামল বাংলা ক্যাফেটরিয়ায় হামলা চালায়। এসময় তারা আসবাবপত্র ভাংচুর এবং নানা রকমের খাদ্যসামগ্রী লুটপাট করে। হামলা শেষে ক্যাফেটরিয়ার কর্মীদের বের করে সেখানে তালা দেয় তারা।
ক্যাফেটরিয়ার পরিচালক মিঠুন চৌধুরী জানান- সন্ধ্যার দিকে সিকৃবি ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা গ্রুপের ছেলেরা ক্যাফেটরিয়ায় হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। তারা ১লা বৈশাখ উপলক্ষে তৈরী নানা খাবার এবং ইলিশ মাছ লুট করে নিয়ে যায়। ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা-ভাংচুর শেষে ক্যাফেটরিয়ার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা তার স্ত্রীকে লাঞ্চিত করে বলে অভিযোগ করেন মিঠুন চৌধুরী।
শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে জানতে সিকৃবি ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মিটু চৌধুরী জানান- খাবারের মান ভালো না করায় গত মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাফেটরিয়ার চুক্তি বাতিল করে। তারপরও ক্যাফেটরিয়া ছেড়ে না দেয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে তালা দিয়েছে, হামলার ঘটনা সত্য নয়।
আপনার মন্তব্য