১৪ এপ্রিল, ২০১৫ ২২:০৫
নানা আয়োজনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বাংলা নববর্ষ ১৪২২ পালিত হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিতি ছিল এসব আয়োজনে।
নববর্ষের আয়োজনকে ঘিরে হিরা মিয়া গার্লস স্কুলের মাঠ, নবীগঞ্জ শিশু শিক্ষা সাংস্কৃতিক একাডেমির মাঠ এবং জে.কে স্কুল মাঠ প্রাঙ্গন ছিল লোকে লোকারণ্য।
দিনটিকে কেন্দ্র করে নবীগঞ্জে পালিত হচ্ছে দিনব্যাপি বৈশাখী উৎসব। বাংলা বর্ষের প্রথম দিনটিকে উদযাপন করতে উপজেলা প্রসাশন ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনে আয়োজন করে বৈশাখী অনুষ্টানের।
অনুষ্টানের মধ্যে ছিল মঙ্গলনৃত্য, লোকগীতি, বাউল, ভাটিয়ালি, জারি-সারি, লালন গানের আসর। এবার বৈশাখীতে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বৈশাখী পিঠা। পিঠার দোকানগুলোতে ক্রেতাদের ছিল উপচে পড়া ভীড়। সাদা রঙের শাড়ি পরে মাথায় বেলি ফুলের খোঁপায় রমনীদের আনন্দটা অনেকটাই মনে করে দিয়েছিল যে মঙ্গলবার পহেলা বৈশাখ।
শুধু তাই নয় ছেলেদের বাহারি পায়জামা পাঞ্জাবি মনে করিয়ে দিল মঙ্গলবার বাঙ্গালীদের মিলন মেলার দিন। শুধু ছেলে মেয়ে নয় শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই মগ্ন পহেলা বৈশাখ উদযাপন করতে।
বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভিড়। নববর্ষের আনন্দে মেতে উঠে সব বয়সের নারী পুরুষ। প্রাণের বন্ধনে সবাই একত্র করতে প্রতিটি অনুষ্ঠানকে নজরকাড়া রুপ দেয়া হয়। তাছাড়া শহর ও শহরের বাইরে আয়োজন করা হয় পান্তা-ইলিশের।
নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনে প্রতি বছরের ন্যায় এবছরও নবীগঞ্জ শিশু শিক্ষা সাংস্কৃতিক একাডেমি প্রাঙ্গনে দিন ব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করে। তাদের অনুষ্ঠান মালায় ছিল আলোচনা সভা, সংগীত, নৃত্য, কবিতা, আবৃত্তি নাটিকাসহ র্যাকফেল ড্র ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান। পরে উক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান আকর্ষন হিসাবে গান পরিবেশন করেন সিলেটসহ বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীবৃন্দ। দিনব্যাপি চলে তাদের অনুষ্ঠান।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাংবাদিক সলিল বরন দাশ, তছনু চৌধুরী, মতিউর রহমান মুন্না প্রমুখ অনুষ্ঠানগুলো পরিদর্শন করেন ।
এ দিকে নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ শহরের বাইরে আউশকান্দি র.প স্কুল এন্ড কলেজ ও পানিউমদা রাগীব-রাবেয়া স্কুল কলেজসহ উপজেলার বিভিন্ন স্থানেও শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপিত হয়েছে।
আপনার মন্তব্য