১৫ এপ্রিল, ২০১৫ ১৩:১৭
সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালাবাদ থানাধীন টুকেরবাজারের কাছে বলাউরা বাজারের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার ৩ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশা চালক ও অপর এক যাত্রী। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেট সদর উপজেলার কৃষ্ণ চরণ বিশ্বাস (৫০), তার জামাতা রমেশ চন্দ্র বিশ্বাস(৩৫) এবং রমেশের শ্যালিকা ও কৃষ্ণ চরণের কন্যা সুবিতা রাণী (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়- সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে আসছিল বাসটি (সিলেট জ ১২-৫২০২)। বলাউরা বাজারের সামনে আসার পর বাসের সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মারা যান দুর্ঘটনাকবলিত অটোরিকশার পেছনের সিটে বসা দুইজন পুরুষ ও একজন মহিলা যাত্রী। আহত হন অটোরিকশা চালক ও তার পাশে বসা অপর এক যাত্রী।
দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তা আটক করেন। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। কৌশলে সে বাস থেকে নেমে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করেন এবং সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় আধঘন্টা বিক্ষোভের পর জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লোকজনকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায়।
আপনার মন্তব্য