১৫ এপ্রিল, ২০১৫ ২০:৩৬
কমলগঞ্জ উপজেলায় সফাত আলী সিনিয়র মাদ্রাসা ও তিনটি কলেজের শিক্ষকদের রেষারেষির জের ধরে এইচএসসি পরীক্ষার ৫ম দিনে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার তিনটি পরীক্ষা কেন্দ্রের ২টি কেন্দ্র থেকে নকলের অভিযোগে এ ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এইচএসসি পরীক্ষার্থী, কলেজ শিক্ষক ও সংশ্লিষ্টরা জানান, বাংলা ও ইংলিশ বিষয়ে পরীক্ষা হলেও মূলত: শিক্ষকদের রেষারেষির জের ধরে ৫ম দিনের তথ্য ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষার দিনে সফাত আলী সিনিয়র মাদ্রাসার ২ পরীক্ষার্থী ও কমলগঞ্জ ডিগ্রি কলেজের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শিক্ষকরা বলেন, গত ১২ এপ্রিল কমলগঞ্জ ডিগ্রি কলেজের বিতর্কিত এক শিক্ষক কর্তৃক শাহীন কলেজের পরীক্ষার্থীর ১০ মার্ক কেটে ফেলা হয়। এরপর ঐ দিন পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলে ৫ম দিনের পরীক্ষায় প্রশাসন ম্যাজিষ্ট্রেটসহ সকল ধরণের নিরাপত্তা জোরদার করেন।
এই সুযোগে তথ্য ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষায় নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় কলেজ শিক্ষক ও পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ৩ পরীক্ষার্থীকে বহিষ্কারের সত্যতা স্বীকার করে বলেন, ম্যাজিষ্ট্রেট নকলের দায়ে তাদের বহিষ্কার করেছেন।
আপনার মন্তব্য