ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল, ২০১৫ ১৪:২৫

জৈন্তাপুরে আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল একডো

সিলেটে অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর উদ্যোগে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা হেই ভারডেন এর সহযোগিতায় পরিচালিত `Promoting Education and Mother Tongue of Indigenous Children’ প্রকল্পের অধীনে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও শ্রীপুর চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সংস্থা হেই ভারডেন এর নির্বাহী পরিচালক মিস. ক্রিস্টিনা মিথবো, উপদেস্টা আইভার মুন্থে, একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, প্রকল্প সমন্বয়কারী নোংপকলৈ সিনহা। 

এছাড়া শিক্ষার্থীগণের অভিভাবক এবং মোকামপুঞ্জি ও শ্রীপুর চা-বাগানের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণও এখানে উপস্থিত ছিলেন। 

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে মিস. ক্রিস্টিনা বলেন, আমরা চাই বিশ্বের সকল শিশু যেনো সমানভাবে তাদের লেখাপড়া করার সমান সুযোগ পায়। সে লক্ষ্যে হেই ভারডেন কাজ করে যাচ্ছে। 

একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ অভিভাকদের বলেন, প্রত্যেক অভিভাবকদের উচিত নিজ নিজ শিশুরা যাতে নিয়মিত বিদ্যালয়ে যায় তা নিশ্চিত করা। তাছাড়া তিনি বিতরণকৃত এ শিক্ষা উপকরণগুলো যাতে শিশুরা সঠিকভাবে ব্যবহার করে তাদের সুন্দর ভবিষ্যৎ জীবন গড়ে তোলার কাজে ব্যবহার করতে পারে তা নিশ্চিত করার জন্যও তিনি অভিভাবকদের পরামর্শ দেন। 

উল্লেখ্য যে, একডো প্রাথমিক বিদ্যালয় থেকে আদিবাসী শিক্ষার্থীরা ভাষাগত সমস্যা এবং অন্যান্য বিভিন্ন কারণে ঝরে পড়া রোধ করার জন্য সিলেট জেলার সিলেট সদর উপজেলা এবং জৈন্তাপুর উপজেলায় প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্য থেকে শিক্ষক নিয়োগ দিয়ে ‘এডুকেশন সাপোর্ট সেন্টার’ নামে একটি কর্মসূচী চালিয়ে যাচ্ছে। 

যার ফলে বর্তমানে আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার হ্রাস পাবার পাশাপাশি বিদ্যালয়ের প্রতি তাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বিদ্যালয়ের পরীক্ষার ফলাফলেও অগ্রগতি হচ্ছে। 

একডো এ প্রকল্পের আওতায় সিলেট জেলায় মোট একশত খাসি, পাত্র ও চা-শ্রমিক শিক্ষার্থীদের মধ্যে তাদের প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণের পাশাপাশি স্কুল ব্যাগ, ছাতা এবং স্কুল ইউনিফর্ম ও বিতরণ করছে।

আপনার মন্তব্য

আলোচিত