সুনামগঞ্জ প্রতিনিধি

২১ এপ্রিল, ২০১৫ ২০:৩৪

অকাল বন্যার আশঙ্কা, ধান দ্রুত কাটার আহ্বান সুনামগঞ্জ জেলা প্রশাসকের

গত কয়েকদিনের ভারি বর্ষণে সুনামগঞ্জে অকালবন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে হাওরের পাকা ধান দ্রুত কাটতে কৃষকদের অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক ভারি বর্ষণে হাওর এলাকায় অকাল বন্যায় আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে জেলায় এপ্রিলের তৃতীয় সপ্তাহে অকাল বন্যার আশঙ্কা রয়েছে। এ কারণে হাওর ও নিচু এলাকার বোরো ধান তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

তাই জরুরি ভিত্তিতে হাওরের পাকা ধান কেটে ঘরে তোলার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষকে সচেতন করতেই এই অনুরোধ জানানো হয়েছে। শুধু অকাল বন্যা নয়, শিলাবৃষ্টিতেও ধান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই হাওরে যাঁদের পাকা ধান রয়েছে, সেগুলো যেন দ্রুত কেটে গোলায় তোলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সুনামগঞ্জে এবার দুই লাখ ১৮ হাজার ৫৪৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১২লাখ মেট্রিক টন।

আপনার মন্তব্য

আলোচিত