২২ এপ্রিল, ২০১৫ ১২:০৮
লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার শুকরিয়া মাকের্ট থেকে তাহির মিয়া (৭০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার সময় মাকের্টের ৩য় তলার বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাহির মিয়া নগরীর মাছিমপুর এলাকার (বাসা নং দোয়েল-২২ ) বাসিন্দা মৃত ছাত্তার মিয়ার ছেলে। তিনি শুকরিয়া মাকের্টের নিচতলার 'নিউ ফ্যাশন ১১৪' প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার তাহির মিয়া বাসা থেকে বের হয়ে আসার পর তিনি আর বাসায় ফিরে যাননি। রাতে তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। এতে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও তাহির মিয়ার সন্ধান পাননি।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শুকরিয়া মাকের্টের পরিছন্নতা কর্মী হাফেজা বেগম মার্কেটে কাজ করছিলেন। তিনি মাকের্টের ৩য় তলায় কাজ করতে গিয়ে দেখেন ওই তলার বাথরুমটি বন্ধ রয়েছে।
পরে হাফেজা বিষয়টি মাকের্টের কেয়ারটেকার মিশু মিয়াকে অবগত করেন। এর পর কেয়ারটেকার বিষয়টি শুকরিয়া মাকের্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে অবগত করেন। পরে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোতোয়ালী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতায়ালী থানার ওসি সুহেল আহমদ। তাহিরের ছেলে লুৎফুর রহমান তাজ এটিকে একটি পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন। কারা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে সে ব্যাপারে তিনি কোন ধারনা করতে পারেননি।
আপনার মন্তব্য