নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০১৭ ২২:৫২

মুক্তি পেলেন গউছও

সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হকের পর একই মামলার আসামী হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র জি কে গউছও মুক্তি পেয়েছেন।

চারটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগির মিয়া বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলা এবং সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলার দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিনের সব কাগজপত্র পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ১০ ডিসেম্বর সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।

এরপর ২০১৪ সালের ২১ ডিসেম্বর ওই ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারির পর একই বছরের ২৮ ডিসেম্বর গউছ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলায় এক যুবলীগকর্মী নিহত ও ২৯ জন আহত হয়।

ওই ঘটনায় দিরাই থানায় করা হত্যা মামলা ও বিস্ফোরক আইনের মামলায় আরিফুলসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ওই দুটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় জি কে গউছকে।

আপনার মন্তব্য

আলোচিত