১৪ জানুয়ারি, ২০১৭ ১৯:২৮
সিলেট মহানগরীর মীরের ময়দান পয়েন্ট থেকে ব্লু-বার্ড স্কুল অভিমুখী সড়কের দক্ষিণ দিকের (ডান পাশ) প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় মীরের ময়দান পয়েন্ট সংলগ্ন অর্ণব ৩৪ নম্বর বাড়ির বাসিন্দা যেহিন আহমেদ নিজেই দেয়াল ভাঙার কাজে অংশগ্রহণ করে প্রশস্তকরণ কাজের সূচনা করেন।
সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা জানায়, এই সড়কের মীরের ময়দান পয়েন্ট থেকে ব্লু-বার্ড মুখী সড়কের ডান পাশ দিয়ে বসবাসরত ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ির বাসিন্দারা রাস্তা প্রশস্তকরণের স্বার্থে গড়ে ৪ ফুট করে রাস্তা ছেড়ে দিতে সম্মত হয়েছেন। বর্তমানে সড়কটির প্রশস্ততা গড়ে ৩৬ ফুট। এই সড়কটির দুই পাশ প্রশস্তকরণ কার্যক্রম সমাপ্ত হওয়ার পর প্রশস্ত হয়ে গড়ে ৫০ ফুট হবে। ৮৯০ ফুট দৈর্ঘ্যের এই সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ১ কোটি ৩৬ লাখ টাকা।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সিলেট সিটি কর্পোরেশন মহানগরীর বিভিন্ন রাস্তা প্রশস্ত করার পাশাপাশি সেই রাস্তাগুলোকে দৃষ্টিনন্দনও করছে। এরই ধারাবাহিকতায় এই সড়কটিও প্রশস্ত করার পর ডিভাইডার স্থাপন করার পাশাপাশি দৃষ্টিনন্দন করার উদ্যোগ গ্রহণ করা হবে।
সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী জানান, মহানগরীর জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথা বিবেচনা রেখেই রাস্তা প্রশস্তকরণ করা হচ্ছে। এতে স্থানীয় জনগণও স্বত:ফূর্তভাবে সাড়া দিয়েছেন, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
সড়ক প্রশস্তকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শামসুল হক, অর্ণব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইয়াহিয়া আহমেদ, সহ-সভাপতি ড. জুলফিকার আহমদ জেমি, সাধারণ সম্পাদক আরিফ আখতারুজ্জামান, সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী জুবেদ আলম, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমেদ নান্নু, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উদয়ন ট্রেডার্সের রূপক রঞ্জন নাগ শিবু সহ আরোও অনেকে।
আপনার মন্তব্য