বিয়ানীবাজার প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০১৭ ২০:০৫

মৌলিক শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মৌলিক শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারবে না। আমাদের সরকার প্রথম থেকেই মৌলিক শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে। পাঠ্য বইয়ে বিভ্রান্তির বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, মন্ত্রণালয় থেকে যাচাই করা হচ্ছে। পাঠ্য বইয়ে যে সব ভুল রয়েছে শিক্ষকরা একটু খেয়াল করলে তা সংশোধন করতে পারবেন। এছাড়া ত্রুটি সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা দেয়া হবে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে বিয়ানীবাজার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের পিইডিপির অর্থায়নে ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি একীভূত করতে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আলোচনায় বসবো। শিক্ষার প্রাথমিক স্তরের ভিত্তি এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেয়া হবে বলেই এর নামকরণ ‘বেসিক এডুকেশন’ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ-সভাপতি আবদুল আহাদ, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত