১৫ জানুয়ারি, ২০১৭ ২১:০৪
ঢাকা থেকে নিখোঁজ হওয়া এক শিশুকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম জুয়ানা বেগম।
রোববার (১৫ জানুয়ারি) সিলেটের বিমানবন্দর থানা পুলিশ জুয়ানাকে উদ্ধার করে তার ভাই শাহ আলম ও মামা লাল মিয়ার কাছে হস্তান্তর করে।
জুয়ানা কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার করগাঁও গ্রামের মৃত ফালু মিয়ার মেয়ে।
জানা যায়, গতকাল শনিবার বিকেলে জুয়ানাকে সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন এলাকায় কান্নাকাটি করতে দেখেন বিগত জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী বেলাল আহমদ, মহানগর যুবলীগের সদস্য সাইদুর রহমান এবং জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেদ আহমদ। তারা শিশুটিকে উদ্ধার করে বিমানবন্দর থানায় নিয়ে যান। এরপর পুলিশ জুয়ানার গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করলে রোববার জুয়ানার ভাই শাহ আলম ও তার মামা লাল মিয়া সিলেট আসেন।
জুয়ানার স্বজনরা জানান, গত ৩০ ডিসেম্বর রাজধানীর বারিধারা এলাকা থেকে জুয়ানা নিখোঁজ হয়। তবে কীভাবে জুয়ানা ঢাকা থেকে সিলেট এলো, এ সম্পর্কে সে কিছু জানাতে পারেনি।
আপনার মন্তব্য