বড়লেখা প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০১৭ ২২:৫৩

বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতে অকল্পনীয় সাফল্য এসেছে : হুইপ শাহাব উদ্দিন

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে অকল্পনীয় সাফল্য এসেছে। ২০০৯ সালের পূর্বে বিদ্যুতের অভাবে দেশের অর্থনীতি ছিল পর্যুদস্ত, শিল্প, বাণিজ্য ছিল স্থবির এবং জনজীবনে লোডশেডিং ছিল অসহনীয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের রুকনপুর, মাধবগুল, বিওসি কেছরিগুল এবং দাসেরবাজার ইউনিয়নের মালিশ্রী গ্রামে বিদ্যুৎ সংযোগের পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হুইপ বলেন, ৪টি গ্রামের ২০২ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৭৫ লাখ টাকা।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির সদাগরের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক আমজাদ হোসেন পলাশ এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কবিরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোপাল দত্ত, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, শিক্ষক এমরান হোসেন নামুন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত