১৭ জানুয়ারি, ২০১৭ ১৯:১৭
ঝুমার উপর হামলার দায়ে অভিযুক্ত বাহার
সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রী ঝুমা বেগমকে ছুরিকাহত করার ঘটনায় প্রধান অভিযুক্ত বাহার উদ্দিনের ভাই নাসির উদ্দিনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নাসির উদ্দিনকে জেস্ট্য বিচারিক হাকিম মো. খাইরুল আমীনের আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান জকিগঞ্জের ওসি হাবিবুর রহমান।
এদিকে, এঘটনায় আহত ঝুমা বেগমের মা করিমা বেগম বাদী হয়ে মঙ্গলবারই জকিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় বাহার উদ্দিন সহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়েছে। মূল অভিযুক্ত বাহারকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রোববার (১৫ জানুয়ারি) উপজেলার মানিকপুরের রসুলপুর গ্রামের ঝুমা বেগমকে ছুরিকাহত করে একই গ্রামের বাহার নামের এক বখাটে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঝুমার অবস্থা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।
ঝুমা বেগম জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবার নাম মুসলিম উদ্দিন।
আপনার মন্তব্য