১৮ জানুয়ারি, ২০১৭ ০১:১৬
দেখে কে বলবে- এটি একটি নদী। এ যেনো এক মেঠোপথ। এমন অবস্থা এখন হবিগঞ্জের মাধবপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া সোনাই নদীর।
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হয়ে মাধবপুর উপজেলা ধর্মঘর-চৌমুহনী-বহরা ইউনিয়নে বিভিন্ন স্থান দিয়ে প্রবাহমান এক সময়ের খরস্রোতা সোনাই নদী এখন শুকিয়ে ধূ ধূ মরুভূমিতে পরিণত হয়েছে। কোথাও কোথাও বালুর চর আবার কোথাও কোথাও ফেটে চৌচির হয়ে গেছে নদীর তলদেশ।
পানি না থাকায় ধর্মঘর চৌমুহনী ও বহরা ইউনিয়নের সোনাই নদীর পাড়ের প্রায় লক্ষাধিক একর জমিতে ইরি বোরো মৌসুমে সেচ দিতে পারছে না কৃষকরা। এ অবস্থায় জমিতে ফসল উৎপাদন অনিশ্চিত হয়ে পড়েছে। এ সব এলাকার বাসিন্দারা বেশির ভাগই কৃষক। তাদের ফসল উৎপাদনে সোনাই নদীর পানিই কৃষকদের একমাত্র ভরসা। অথচ সোনাই নদী এখন শুকিয়ে মরুভূমিতে পরিনত হয়েছে। দুর থেকে দেখলে কোথাও মেঠোপথ, আবার কোথাও অনেকটা শিশুদের খেলার মাঠ মনে হয়।
উজান থেকে নেমে আসা ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে পানির সাথে বালু এসে ভরাট হয়ে পড়েছে সোনাই নদীর তলদেশ।
সরেজমিনে সোনাই নদীর ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায় শুকনো সোনাই নদীতে আশেপাশের ছোট ছেলেরা ব্যাট বল হাতে ক্রিকেট খেলছে।
মঙ্গলপুর গ্রামের কৃষক আক্তার হোসেন বলেন, উজান থেকে পানি না আসায় এবং পানি ধারন ক্ষমতা কমে যাওয়ায় সোনাই নদী শুকিয়ে গেছে। এখন সোনাই নদী খনন করা জরুরী।
এ ব্যাপারে উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা অর্ধেন্দু দেব অসিত বলেন, সোনাই নদীতে পানি না থাকায় কৃষকরা চরম পানি সংকটে ভোগছে। তাই দ্রুত সোনাই নদী খনন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করা উচিত।
আপনার মন্তব্য