১৮ জানুয়ারি, ২০১৭ ১৪:০৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে মাইক্রোবাস যোগে পাচারকালে ৫৪ বোতল ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ জানুয়ারি) এসব মদ ও পাচার কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় পালিয়ে যায় আরও ২ জন। পলাতক ২ জন সহ ৩ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ঢাকা মেট্রো চ-৫১-৯৬৬৬ নম্বরের একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল মদসহ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর গ্রামের জলফু মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫) কে আটক করে। একই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পলাতক আসামি করা হয়েছে উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র তাজু মিয়া (৪০) ও বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের কামাল মিয়া (৩৫) কে।
আপনার মন্তব্য