১৮ জানুয়ারি, ২০১৭ ২২:২২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ শফিকুল ইসলাম নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। পলাতক আসামিকে হন্য হয়ে খুজছে পুলিশ।
পলাতক শফিকুল ইসলাম উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মহি উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানিক মিয়া নামের স্থানীয় এক পান ব্যবসায়ীকে আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি শফিকুল ইসলামকে বুধবার সন্ধ্যায় আটক করে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই চম্পক দাম। তাকে হাতকড়া পড়িয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখান থেকে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যায় শফিকুল।
এ ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই চম্পদ দাম বলেন, শফিকুলকে গ্রেপ্তার করে হাতকড়া পড়িয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ সময় সে কর্তব্যরত পুলিশকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তাকে ফের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর রাতে বাদাঘাট বাজারের পান ব্যবসায়ী মানিক মিয়াকে চুরির অপবাদ দিয়ে শালিস বৈঠকে ডেকে মানসিক ও শারিরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় অভিমানে আত্মহত্যা করেন মানিক মিয়া। এ ঘটনায় শফিকুলসহ ১১ জনকে আসামি করে আত্মহত্যা প্ররোচনা মামলা করা হয়।
আপনার মন্তব্য